মহিলাদের ঢাল করে ডিলিমিটেশনের ষড়যন্ত্র ! মোদীর ভাষণের পর মমতার কড়া জবাব – “তৃণমূল শেখাতে আসবেন না, আমরাই মহিলাদের সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব দিয়েছি” ।
পলিটিক্যাল ডেস্ক ( pinnaclenews.in) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, মহিলা সংরক্ষণের নাম করে বিজেপি আসলে সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার আসন পুনর্নির্ধারণ (Delimitation) করতে চাইছে, যা দেশকে খণ্ড খণ্ড করে দিতে পারে।
মমতা বলেন, “তৃণমূল কংগ্রেস মহিলাদের ক্ষমতায়নের সবচেয়ে বড় সমর্থক। লোকসভায় আমাদের ৪০ শতাংশেরও বেশি সাংসদ মহিলা – যা গোটা সংসদের মধ্যে সর্বোচ্চ। পঞ্চায়েত ও পুরসভায় ৫০% মহিলা সংরক্ষণ আমরাই চালু করেছি। ১৯৯৮ সাল থেকে এই ইস্যুতে সংসদে লড়াই করছি। তাই মহিলা সংরক্ষণ নিয়ে কেউ আমাদের লেকচার দেবেন না।”
তিনি স্পষ্ট জানিয়ে দেন, “মহিলা সংরক্ষণ বিল আমরা সমর্থন করি, কিন্তু ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে দেওয়া মানব না। বিজেপি লোকসভার আসন ৮৫০-এ বাড়াতে চায়। মোদীজি বর্তমান আসন সংখ্যায় জিততে পারবেন না বলেই এই চক্রান্ত করছেন। এটা ফেডারেল গণতন্ত্রের ওপর আঘাত এবং আম্বেদকরের সংবিধানকে ছিনতাই করার চেষ্টা।”
মমতা আরও বলেন, “বিল পাসের তিন বছর পর হঠাৎ তাড়াহুড়ো কেন? নির্বাচনের মুখে এই লিঙ্কেজ কেন? তারা কি ভেবেছে খুব চালাক? আসলে বিজেপিই দেশ ভাগ করতে চাইছে। তারাই আসল ‘টুকড়ে টুকড়ে গ্যাং’।”
তিনি মোদীর জাতির উদ্দেশে ভাষণকে “মিথ্যার জাল” বলে সমালোচনা করে বলেন, “পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিন, যেখানে প্রশ্ন করা যায়। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পালানো কাপুরুষতা।”আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মমতা জানান, তৃণমূল কংগ্রেস ৫২ জন মহিলা প্রার্থী দিয়েছে, যা কংগ্রেস (৩৫), বাম (৩৪) এবং বিজেপি (৩৩)-এর চেয়ে অনেক বেশি।