...
Sunday, February 15, 2026,

Messi: ভারতে ফান ট্যুরে!

Total Views: 12

কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি খেলবেন কোথায়?

দীপঙ্কর গুহ ( এডিটর ইন চিফ) :

মিয়ামি থেকে মেসি আসছেন। ভারতে আসছেন তিন দিনের “ফান ট্যুরে”। কারো কারো জন্য হয়তো এটাকে “ফান্ড ট্যুর”ও বলা যায়। ১৩ তে এসে ১৫ তে টাটা বাই বাই। জুন মাসে বিশ্বকাপ ফুটবলের আগে মেসি ফুটবল পাগল এক দেশে আসছেন। ঠিক যেমন বিগ বি কিম্বা শাহরুখ খানরা #UK কিংবা #US ট্যুরে জান। ওঁরা অবশ্য পারফর্ম করেন, টাকা তোলেন। মেসি পারফর্ম করবেন না। “ ফান ট্যুর” বলে কথা! তিনি আর তাঁর টিমের বাকিরা মোটা অর্থ পাবেন বিদেশী মুদ্রায়। আরকি!

মেসি এই প্রথমবার কলকাতায় আসছেন না। আগেও এসেছেন। কলকাতার একটা বড় অংশ মারাদোনার প্রেমে আর্জেন্টিনার ভক্ত। এখন মেসি ম্যানিয়াতে মিশে গেছে। কর্পোরেট জগতে খোঁজ করতে গিয়ে বুঝলাম, এই প্যাকেজ ট্যুরে ১০০ কোটির টাকার খেলা আছে। ভালো তো। ব্যবসা তো হচ্ছে। বাংলার কোনও সংস্থা ব্যবসা করছে। বাঙালির খুশি হওয়ার কথা।

খেলা? ফুটবল খেলা? মেসি খেলবেন না। কিন্তু মেসির পায়ে বল নিয়ে জাগলিং সেটাও দেখা যাবে না? সামনে বিশ্বকাপ। এম এল টেনের পায়ের যে পরিমাণ ইন্সুরেন্স করা আছে ( মার্কিন মিডিয়ার দাবি), তাতে বডি কন্ট্যাক্ট কোনও কিছুই করবেন না। কয়েকটা বলে শট নিতে পারেন। যেমন মারাদোনা এসে করেছিলেন। শটে বল গ্যালারিতে পাঠিয়েছিলেন। সেই বলের দখল পেতে গ্যালারিতে কী হাল হযেছিল – ভুলে যায়নি।

মেসি যখন ভারতে পা রাখছেন, তখন দেশের প্রথম সারির ফুটবল বিশ বাঁও জলে। #ILeague কবে জানা নেই। #ISL কিভাবে হবে – তার উত্তর উচ্চ আদালতের কক্ষে বন্দি। আর ফুটবলের মক্কা কলকাতা? মোহনবাগান আর সেই ব্রিটিশদের বিপক্ষে প্রথম জাতীয়তাবাদের লড়াই জিতে শিল্ড জেতা ক্লাব নেই। সবুজ – মেরুণ রংটা আছে, কিন্তু সেই জাতীয় ক্লাব আজ নাম বদলে কর্পোরেট কালচারে আবেগের নৌকা ভাসাতে পারে কি?

ইস্ট বেঙ্গল ইতিহাসের পাতায় ভারী। কোটি খানেক লাল – হলুদ ব্রিগেড সাপোর্টার ব্যর্থতায় গলা ডুবিয়ে বসে। সাদা – কালো শিবির সেই কবে “ভাইজান” সলমন খানের উপস্থিতিতে জেগে উঠেছিল। এখন “ফিফা” এই ক্লাবকে চেনে অন্য ইস্যুতে। বিদেশি ফুটবলদের অভিযোগে শাস্তির কোপে। আমি লিখছি এসব – মেসির কি বা আসে যায়! যারা মেসি – ফুটবল নিয়ে ব্যবসায় মাতছেন , তাদেরইবা কি আসে যায়? এ তো ফান ট্যুর!

মিয়ামি থেকে দুবাই। তারপর কলকাতা। কলকাতা থেকে তেলেঙ্গানা। হায়দরাবাদ থেকে মহা রাষ্ট্রতে। ক্রিকেট পীঠস্থান মুম্বইয়ে। বাণিজ্য নগরী। তারপর দিল্লি। ভারতের ইতিহাসের পাতায় থাকা রাজধানী (বৃটিশ জামানায়) থেকে শুরু, আর প্রবল বায়ু দূষনের রাজধানী দিয়ে যাত্রা শেষ মেসির। ভালো লাগতো যদি আয়োজকরা উত্তর – পূর্বাঞ্চলে মেসিকে নিয়ে যেতেন। এখন তো দেশের ফুটবল ফসল ওই দিকেই বেশি।

ভাবছিলাম উদ্যোক্তারা কতোটা চৌকষ! কলকাতায় তৃণমূল সরকার। দেশের সবচেয়ে আলোচিত মূখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মেসিকে “মিট” করবেন। “ পেলে” কে পাশে পেয়েছিলেন। এবার মেসি। মাঝে মারাদোনা তো ছিলই। মুম্বই থেকে নাকি কিং খান আসছেন ১৩’র আসরে। মেসি – শাহরুখ। দারুন ফ্রেম। প্রচার মাধ্যম আর কর্পোরেট ক্লায়েন্টদের আর কী চাই! কোন সময়ে এই ফান ট্যুর? যখন প্রতি মুহুর্তে তৃণমূল #SIR, #votechori, কেন্দ্রের বঞ্চনা, বাংলার অপমান নিয়ে চোয়াল কষা লড়াই করছে। সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় মমতা। মমতা – মেসি এক ফ্রেমে: কি রাজনৈতিক বার্তা যাবে আম জনতার মাঝে?

এরপর তেলেঙ্গানা – হায়দরাবাদ। ভারতীয় ফুটবলের ইতিহাসের পাতা উল্টালে একের পর এক ফুটবলারদের নাম উঠে আসবে। থঙ্গরাজ, কান্নান, রহিম, নুর , বলরাম, ধনরাজ, নায়িমউদ্দিন, সাব্বির আলী, হাবিব, আকবর আর আর এখনকার জাতীয় দলের সুপারস্টার সুনীল ছেত্রী। অতীতের তালিকাটা লম্বা। বরঞ্চ হালফিলে হায়দ্রাবাদ মানেই ক্রিকেটারের ছড়াছড়ি। হায়দ্রাবাদ মানে ব্যাডমিন্টন প্লেয়ার এর ভিড়। হায়দ্রাবাদ মানে ভারতীয় টেনিসের কুইন সানিয়া মির্জা। সেই শহরে মেসি। হায়দ্রাবাদি বিরিয়ানি খাবেন এম এল টেন? নাকি নবাবের শহরে নবাবজাদার পোশাকে দাগ লাগাবেন। এইটা যে সরকার এখন কংগ্রেসের দখলে। অর্থাৎ ইন্ডিয়া ব্লকের তৃণমূলের পর কংগ্রেস রাজ্যে মেসি। রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অপেক্ষায় আছেন মেসির পাশে দাঁড়ানোর জন্য। ছবির অপরচুনিটি থাকছে। অনুমুলা রেভান্ত রেড্ডি মন্ত্রিসভায় এখন মন্ত্রী প্রাক্তন জাতীয় দলের ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। এম এল জয়সীমা – ভি ভি লক্ষ্মণ – মহম্মদ সিরাজ। আর এই হালফিলের তিলক ভার্মা। প্রমীলা ক্রিকেটের নায়িকা, দেশের প্রাক্তন নেতা দিদি – মিতালী রাজ। এই শহর এখন ধর্ম আর জাতভেদের লড়াইয়ে টালমাটাল।

তৃতীয় রাজ্য মহারাষ্ট্র। সরকার #NDA এর। বলা বড় সেখানে বিজেপিরই দাদাগিরি চলে। শিবসেনা ভেঙ্গে দু’টুকরো হয়ে আধা শিবসেনা হয়ে রয়েছে সরকারের সাথে। এই শহর সুনীল গাভাস্কার- সচিন তেন্ডুলকার -রোহিত শর্মাদের শহর। ক্রিকেট নগরী। সেখানে নাকি মেসির সঙ্গে শচীন থাকবেন। এমনকি ঝাড়খন্ড থেকে চলে আসবেন মাহি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি! বলিউডের আতুরঘর আর রাজপ্রাসাদ দুটো মিলেই এই শহর। শুনছি সেখানে নাকি মেসি রাম্পে হাঁটবেন অর্থাৎ ফ্যাশন শো। এমন তারকা উল্লাসে আমচি মুম্বই কি শহরের “গডফাদার” বাল থাকার পরিবারকে দেখতে পাবে? শহরের মিউনিসিপ্যাল ইলেকশনে মেসি এই ফান ট্যুর প্রভাব ফেলবে? সময় বলবে।

শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মেসি! স্থান: দিল্লি। সেই দিল্লি – যেখানে বিস্ফোরণে মৃত্যু হয় বারবার? সেই শহর – যেখানে গ্যাস চেম্বারে ঢোকার মাস্ক পড়ে সাংসদরা লোকসভা – রাজ্যসভায় ঢোকে? সেই শহর – যেখানে প্রবল বায়ু দূষনের মানুষের আয়ু শুষে নিচ্ছে। মেসি নিশ্চয়ই জানেন এইসব। তিনি তবুও আসছেন। আশায় আমি বুক বাঁধছি – ভারতীয় ফুটবল ফিফা রঙ্কিংয়ে যতোই পিছিয়ে ১৩৩ তে যাক, দেশের ফুটবল পুরো দমে শুরু হবে। আইএসএল হবে। আই লিগ হবে। আমরা একদিন বিশ্বকাপ খেলবো। ঘুমন্ত ফুটবল দৈত্য জাগবে যে…. ২০২৬ এর বিশ্বকাপের আগেই মেসি দেশের চার শহরে পা ফেলে গেলেন যে!

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *