...
Monday, February 16, 2026,

Sports Funda: লঙ্কাকান্ডে জয় ভারতের, ৬১ রানে হার পাক দলের!

Total Views: 3

চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে ফের শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপট বজায় রাখল ভারত। ঈশান কিশানের মারকুটে ব্যাটিং এবং বরুণ চক্রবর্তীর স্পিন জাদুতে কুপোকাত পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক ( pinnaclenews.in) : লঙ্কা কান্ডে জিতে গেল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কাছে পাকিস্তানকে আবার হারতে হল বিশ্বকাপের আসরে! আর সেটায় দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অভিনন্দন বার্তা পোষ্ট করলেন নিজের X হ্যান্ডেলে!

রবিবাসরীয় রাতে কলম্বোর পিচ ছিল বিচিত্র। দলে ৬ স্পিনার নিয়ে খেলতে নামে পাক দল। কিন্তু ভারতের লড়াকু মানসিকতার সামনে টিকতেই পারেনি। উইকেট বাধা হয়নি ভারতের। টস জেতা হয়নি সূর্যকুমারের। তবুও প্রথমে ব্যাট করে ভারত ১৭৫ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর বোর্ডে ঝুলিয়ে দিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৮ ওভারেই শেষ হয়ে যায় তাদের লড়াই।

ঈশানের শান: অভিষেক শর্মা শুরুতেই ফিরলেও, ঈশানের বিধ্বংসী ইনিংস ম্যাচের রং বদলে দেয়। ৪০ বলে ৭৭ রানের একটি মারকাটারি ইনিংস খেলে দলের বড় রানের ভিত গড়ে দেন তিনি। পাকিস্তানি বোলাররা তাঁকে থামাতে হিমশিম খেয়েছে।

বরুণের স্পিন ও হার্দিকের ফিনিশিং: ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। রান রেট বাড়াতে গিয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে। ম্যাচের ১৫ তম ওভারে বরুণ চক্রবর্তী হ্যাটট্রিকের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি। শেষের দিকে শাহীন আফ্রিদি এবং উসমান তারিক চালিয়ে খেলে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও লাভ হয়নি। হার্দিক পান্ডিয়া উসমান তারিককে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন।

পয়েন্ট টেবিলে স্বস্তি: এই জয়ের ফলে গ্রুপ পর্বে ভারত সুবিধাজনক জায়গায় রয়ে গেল। সুপার এইটে জায়গা নিশ্চিত। দল এখনও অপরাজিত। বোলার এবং ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় কলম্বোর দর্শকরা এক রুদ্ধশ্বাস ম্যাচ উপভোগ করলেন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *