...
Friday, April 10, 2026,

Political Adda:‘ঐতিহাসিক’ ভোটে অন্য অসম(৮৪.৪২%)! জয়ের ইঙ্গিত হিমন্তের, পরিবর্তনের বার্তা গৌরবের

Total Views: 12

অসম বিধানসভা নির্বাচনে ৮৪.৪২% রেকর্ড ভোট। হিমন্ত বিশ্ব শর্মা : ‘ঐতিহাসিক’, গৌরব গগৈ: পরিবর্তনের জনরব। ৪ মে ফলাফলের আগে জমেছে রাজনৈতিক লড়াই।

পলিটিক্যাল ডেস্ক ( pinnaclenews.in) : অসম বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার রেকর্ড ভোটার উপস্থিতি রাজ্যের রাজনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিল। ১২৬ টি কেন্দ্রেই বিকেল ৫ টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে ভোটার হিসাব দাঁড়িয়েছে ৮৪.৪২ শতাংশ, যা চূড়ান্ত সংখ্যায় আরও বাড়তে পারে। বেশ কয়েকটি বুথে ভোটদানের হার ৯৫ শতাংশও ছাড়িয়েছে বলে দাবি করা হয়েছে।

এই বিপুল ভোটার উপস্থিতিকে “সাধারণ নয়, ঐতিহাসিক” বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজের এক্স (X) হ্যান্ডেল-এ তিনি লেখেন, “এটা শুধু নির্বাচন ছিল না, এটা ছিল আমাদের সভ্যতা, সংস্কৃতি এবং জমি রক্ষার আন্দোলন। আজ অসমবাসী নজিরবিহীন সংখ্যায় ভোট দিয়ে ইতিহাস তৈরি করেছেন।”

হিমন্ত আরও বলেন, ভাষা ও জাতপাতের বিভাজনকে অতিক্রম করে মানুষ নিজেদের পরিচয়, সংস্কৃতি এবং ভূমি রক্ষার পক্ষে রায় দিয়েছেন। তাঁর কথায়, “অসম আত্মসমর্পণ করবে না, অসম লড়বে, টিকে থাকবে।” এই উচ্চ ভোটার উপস্থিতিকে তিনি বিজেপি-র পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত হিসেবেই দেখছেন।

অন্যদিকে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ভোট “নতুন বর-অসম” গড়ার আশা এবং নতুন নেতৃত্বের পক্ষে জনরায়। তাঁর দাবি, মানুষ পরিবর্তনের আশাতেই ভোট দিয়েছেন।

গৌরব গগৈ আরও বলেন, এখন নির্বাচন কমিশনের দায়িত্ব ইভিএম-গুলির নিরাপত্তা নিশ্চিত করা এবং ৪ মে ভোটগণনায় স্বচ্ছতা বজায় রাখা। পাশাপাশি তিনি কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খর্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ জোট সঙ্গীদের ধন্যবাদ জানান।

এখন রাজনৈতিক মহলের নজর একটাই—এই রেকর্ড পরিমাণ ভোট কি হিমন্ত শিবিরের ‘ঐতিহাসিক জয়ের’ ইঙ্গিত? নাকি গৌরব গগৈর কথামতো ‘পরিবর্তনের সুনামি’ ? উত্তর মিলবে ৪ মে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *